কাপ্তাই সংবাদদাতা : রাঙ্গামাটি রাইখালী-বাঙ্গালহালিয়া সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক উক্যসিং মারমা (৩৪) নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সেলমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাঙ্গালহালিয়া থেকে রাইখালী অভিমুখে একটি মোটরসাইকেল (নম্বর: চট্ট মেট্টো-হ ২২-৭৫৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল চালক উক্যসিং মারমা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করলেও আঘাতের মাত্রা বেশি হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত প্রকৌশলী উক্যসিং মারমা কাপ্তাই উপজেলা চন্দ্রঘোনা থানাধীন রাইখালী মতি পাড়া গ্রামের সাচিংমং মারমার ছেলে। এদিকে রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কাপ্তাই পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) মোঃ মাহাবুর হাসান মারা গেছেন। গতকাল ২৫ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে রাঙামাটি জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেইট সংলগ্ন এলাকায় সিএনজি যোগে যাতায়াত করছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।