শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামে মরহুম তারিফ গাজীর ছেলে আরব আলী গাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, জ্বালানি তেল সরবরাহের দায়িত্বে থাকার কারণে ঘটনার সময় বাড়ির মালিক আরব আলী গাজী ও তার ছেলে মতিউর রহমান নান্টু শ্যামনগর উপজেলা সদরে অবস্থিত তাদের পেট্রোল পাম্পে অবস্থান করছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির নিচতলায় রান্নাঘরে রাখা রাতের খাবারে জানালা দিয়ে স্প্রে করে চেতনানাশক মিশিয়ে দেয়। রাত ৯টার দিকে ওই খাবার খাওয়ার পর আরব আলীর স্ত্রী শামসুন্নাহার (৬০) ও নাতনি মারিয়ানা (১০) দোতলায় এবং পুত্রবধূ রুনা ও নাতি সিফাত (৪) নিচতলায় অচেতন হয়ে পড়ে।
পরবর্তীতে দুর্বৃত্তরা রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। তারা ঘরের উপরের ও নিচের তলার আলমারি ও লকার ভেঙে নগদ প্রায় ৪০ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকারসহ মোট প্রায় এক কোটি ২৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
রাত ১২টার দিকে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় দেখতে পান মতিউর রহমান নান্টু। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় সোয়ালিয়া ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শামসুন্নাহার ও মারিয়ানাকে ভর্তি করা হয়েছে। অপরদিকে তুলনামূলক কম অসুস্থ রুনা ও সিফাতকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার খবর পেয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদুর রহমান রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং লুট হওয়া অর্থ ও স্বর্ণালংকার উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।