রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে আন্তর্জাতিক পানি দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৪ টায় পেড়িখালী খেওয়াঘাট এলাকায় এ উপলক্ষে সুপেয় পানির দাবিতে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার সহযোগিতায় ইয়ুথ হাব রামপাল, এফএফসিআর যুব সংগঠন ও অভিযান যুব সংগঠন এই কর্মসূচি পালন করে।
এই কর্মসূচির মাধ্যমে নিরাপদ পানির গুরুত্ব এবং এর প্রাপ্যতা নিশ্চিত করার বিষয়টি স্থানীয় মানুষের মাঝে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার ও বার্তার মাধ্যমে পানি সংরক্ষণ এবং দূষণমুক্ত পানির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।আয়োজকদের মতে, দক্ষিণাঞ্চলের অনেক এলাকায় এখনো সুপেয় পানির সংকট বিদ্যমান, যা মানুষের স্বাভাবিক জীবনযাপন ও স্বাস্থ্যের জন্য বড় একটি চ্যালেঞ্জ। এই পরিস্থিতি মোকাবেলায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। অভিযান যুব সংগঠনের সভাপতি সুমিত ভট্টাচার্য বলেন, পানি শুধু একটি সম্পদ নয়, এটি আমাদের জীবনের অপরিহার্য অংশ। নিরাপদ পানির অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং কার্যকর উদ্যোগ নিতে হবে।