ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : ডিমলা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং এলজিইডির সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীরা আশপাশের পরিবেশ পরিষ্কার করেন এবং এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি, আগাছা, পরিত্যক্ত টায়ার, ড্রাম, ফুলের টবসহ বিভিন্ন সম্ভাব্য প্রজননস্থল অপসারণ ও ধ্বংস করেন। একইসঙ্গে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ব্যানবেইস কর্মকর্তা শাহা নুর আলম এবং ডিমলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেব। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন গ্রাম পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন দপ্তরের পরিচ্ছন্নতা কর্মীরা।