বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) চলমান নিয়োগ জালিয়াতি, বিতর্কিত পদোন্নতি ও প্রশাসনিক অস্থিরতা নিয়ে কৃষি মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠকের অংশগ্রহণকারীদের তালিকা, সময় নির্বাচন এবং প্রেক্ষাপট ঘিরে নতুন করে প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।
কৃষি মন্ত্রণালয়ের গবেষণা-৩ শাখা থেকে জারি করা চিঠির মাধ্যমে ব্রির সার্বিক পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে এ বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে ব্রির পক্ষে মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা ড. মোহাম্মদ খালেকুজ্জামানসহ কয়েকজন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা অংশগ্রহণ করেন। তবে মহাপরিচালকের দায়িত্বকাল শেষ হওয়ার প্রাক্কালে এই বৈঠক আয়োজনকে ঘিরে সময়োপযোগিতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ব্রিতে সাম্প্রতিক সময়ে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, ভুয়া প্রার্থীর অংশগ্রহণ, বিতর্কিত পদোন্নতি উদ্যোগ এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে ধারাবাহিক অভিযোগ সামনে এসেছে। এসব ঘটনায় প্রতিষ্ঠানটির অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভাজন আরও প্রকট হয়েছে।