টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় একটি মুরগির খামার থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পালিয়ে যায়।
পুলিশ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশ হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত নুরুল হোসাইনের মুরগির খামারে অভিযান চালায়।
অভিযানকালে খামারের একটি ছোট কক্ষের ভেতরে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুটি খুলে গণনা করে ৫০টি ইয়াবার প্যাকেট পাওয়া যায়, যার মোট পরিমাণ প্রায় ৫ লাখ পিস।
এ ঘটনায় নুরুল হোসাইনকে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নুরুল হোসাইন ওই এলাকার বাসিন্দা গুরা মিয়ার ছেলে।
পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানা পুলিশ।