অধিভুক্ত কলেজগুলোর সাথে যোগাযোগ সহজ করা, প্রশাসনিক কার্যক্রম দ্রুততর করা এবং সেশনজট কমানোর লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে নতুন আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেছে। এর মাধ্যমে শিক্ষা, ভর্তি, পরীক্ষা ও ফল প্রকাশ সংক্রান্ত কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ময়মনসিংহ সদরের আমলীতলায় নবনির্মিত কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং প্রো-ভিসি প্রফেসর মোঃ লুৎফর রহমান বেলুন ও পায়রা উড়িয়ে এ আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এই কেন্দ্র চালুর ফলে ময়মনসিংহের পাশাপাশি জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার অধিভুক্ত কলেজ ও প্রফেশনাল ইনস্টিটিউটগুলো এখন থেকে স্থানীয়ভাবেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে।

পরে ময়মনসিংহ টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো ভিসি প্রফেসর মোঃ লুৎফর রহমান, সংসদ সদস্য মোঃ কামরুল হাসান, সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এবং মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মোঃ আমিনুল আক্তার এবং সঞ্চালনা করেন আনন্দমোহন কলেজের সহযোগী অধ্যাপক, মমতাজ জাহান। বক্তারা বলেন, এ আঞ্চলিক কেন্দ্র চালুর মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সেবা প্রাপ্তি সহজ ও সময়োপযোগী হবে।

ভিসি বলেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও গবেষণায় বিনিয়োগ বাড়ানো জরুরি এবং জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির কমপক্ষে তিন শতাংশ বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন।