গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার স্যাম্পল সেকশন থেকে চুরি হওয়া প্রায় ৫ লাখ টাকার কম্পিউটার সরঞ্জাম উদ্ধার এবং জড়িত এক কর্মচারীকে গ্রেফতার করেছে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো পুলিশ।

জানা যায়, কালিয়াকৈর থানাধীন চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেডের স্যাম্পল সেকশন থেকে গত ১৪ মার্চ রাত ১০টা থেকে ১৫ মার্চ সকাল ৬টার মধ্যে অজ্ঞাত চোর চক্র সিসি ক্যামেরার এনভিআর রেকর্ডিং সিস্টেম বন্ধ করে সুকৌশলে ডেক্সটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন কম্পিউটার সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করে এবং সিআইডিকে অবহিত করে।

পরবর্তীতে সিআইডি গাজীপুর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন ও তথ্য-প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে নরসিংদী জেলার রায়পুরা থানার রতনপুর গ্রামের ওসমান গণির ছেলে রিয়াদুল ইসলাম সিয়াম (১৯) কে শনাক্ত করা হয়, যিনি উক্ত কারখানার কর্মচারী।