বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ৬ নং মিরপুর ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের ইজ্জতনগর এলাকার মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন স্থানে ময়লার ভাগাড় ও পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন। পানি জমা হয়ে থাকায় প্রায় ৫শ একর জমিতে বিগত ৩ বছর যাবত ফসল করতে পারছেন না কৃষকরা। এই সমস্যাগুলো বর্তমানে এলাকাবাসীর নিত্যদিনের জীবনযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও তা নিয়ে কোন পদক্ষেপ দেখা যায়নি ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা গেছে, মিরপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকা হলো ২ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে রয়েছে বিভিন্ন সরকারি দপ্তর,স্কুল কলেজ মসজিদ ও মাদরাসা। সাধারণ মানুষের আনাগোনা বেশি। তবে ওয়ার্ডটিতে পানি নিষ্কাশনের ভালো কোন ব্যবস্থা নেই, তেমনি জায়গায় জায়গায় রয়েছে ময়লার ভাগাড়। অসংখ্য পলিথিন, কাগজ, খাবারের উচ্ছিষ্টসহ নানা ধরনের ময়লার উটকো গন্ধ এলাকা জুড়ে। খালের পানি নিষ্কাশন বন্ধ থাকায় সব সময় রাস্তায় পচা পানি জমে থাকে। ময়লার স্তূপের ওপর কুকুর, শূকর, কাক ও বিভিন্ন ধরনের পাখি খাবার খাচ্ছে। দুর্গন্ধে নাক চেপে চলাচল করছেন পথচারীরা। এছাড়া বৃষ্টি হলে হাঁটু পানি জমে থাকে, ফলে জনগণ চলাচল করতে পারেন না।
উপজেলার একমাত্র মহিলা কলেজ ও পশ্চিম জয়পুর সহ প্রায় ৫০ টি গ্রামের প্রবেশপথে অবস্থিত মিরপুর চৌমুহনী ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব শামছুল হক মাষ্টার সাহেবের বিশাল বিল্ডিং আর এই বিলাসবহুল বিল্ডিংয়ে প্রায় ৪শত ভাড়াটিয়া প্রতিদিন শত শত পলিতিনের ব্যাগে করে ময়লা ফেলছেন পানি নিস্কাশনের একমাত্র এই ড্রেনটিতে। ফলে ড্রেনটির উপরে ময়লার স্তূপ সৃষ্টি হয়ে ড্রেনটি বন্ধ হয়ে যাওয়ার কারণে পানি নিস্কাশন বন্ধ রয়েছে।