সুন্নাতুন নবী হিউম্যানিটি ফাউন্ডেশন-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় ‘হুইলচেয়ার বিতরণ-২০২৬’ কর্মসূচির আওতায় ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান-এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও রহনপুর পৌরসভার জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী মো. তরিকুল ইসলাম বকুল, নাচোল উপজেলা আমির মো. ইয়াকুব আলী, রহনপুর পৌর জামায়াতের আমির মো. মাইনুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মশিউর রহমান, রহনপুর পৌর সেক্রেটারি মানিক রায়হানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

হুইলচেয়ার বিতরণ উপলক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন নাহিদ ইসলাম। অনুষ্ঠানের সমাপ্তিতে দোয়া পরিচালনা করেন রহনপুর পৌর জামায়াতের নায়েবে আমির মাওলানা নুরুল হুদা।

আয়োজকরা জানান, সুন্নাতুন নবী হিউম্যানিটি ফাউন্ডেশন মানবসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে ‘হুইলচেয়ার বিতরণ-২০২৬’ কর্মসূচির আওতায় ১০ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়।

হুইলচেয়ার পেয়ে উপকারভোগী ও তাদের পরিবারের সদস্যরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।