লালমনিরহাট সংবাদদাতা : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর টানা ১১ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এ সময় চলবে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার ও অন্যান্য সরকারি কার্যক্রম।
বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ বলেন, ঈদ উপলক্ষে ১০ মার্চ থেকে ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত সাপ্তাহিক ছুটিসহ টানা ১১ দিন স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরো জানান, এ সিদ্ধান্ত সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, বন্দর কর্তৃপক্ষ, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, বিজিবি, পুলিশ ইমিগ্রেশন, ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশন ও সংশ্লিষ্ট অন্যান্য সংগঠন।
সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ওই ছুটির সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ মার্চ শনিবার থেকে আবার নিয়মিত কার্যক্রম শুরু হবে।