মোংলা সংবাদদাতা: সুন্দরবন সংলগ্ন এলাকায় পরিচালিত এক অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত করিম শরীফ ডাকাত বাহিনীর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক ব্যক্তির নাম ওসমান গণি (৩৮)। তিনি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন ডাকাতি কর্মকা-ে অংশগ্রহণ এবং ডাকাত দলের জন্য অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় যে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় করিম শরীফ বাহিনীর কয়েকজন সদস্য অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার পক্ষ থেকে ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সুন্দরবনের ওই এলাকা থেকে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় একটি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, সুন্দরবন এলাকাকে জলদস্যু ও ডাকাতমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।