“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সকালে ১১ টায় খোকসা উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান এবং উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ করায় এ মেলার মূল লক্ষ্য।