সিরাজগঞ্জ সংবাদদাতা : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোন দেশের ষড়যন্ত্রে বাংলাদেশ সৃষ্টি হয় নাই। বাংলাদেশ সৃষ্টি হয়েছে অধিকার আদায়ের জন্য। প্রগতিশীল রাষ্ট্র নির্মাণের জন্য। ধর্মভিত্তিক রাষ্ট্র নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধকে শেখ হাসিনার বাপের বা আওয়ামী লীগের সম্পত্তি মনে করলেও আমরা তা মানিনা মানবো না। মুক্তিযুদ্ধ ছিল একটি জন যুদ্ধ।
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ করে নাই। এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। দেশকে স্বাধীন করেছিল। পঁচিশে মার্চ কালরাতে শেখ মুজিব পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করে পাকিস্তানে গিয়ে জামাই আদরে বসেছিল। শেখ মুজিব যুদ্ধ করেনি। ২৫ শে মার্চ পাকিস্তানি বাহিনীর নৃশংস হত্যাকা- ঘটিয়েছিল। শেখ মুজিববিহীন মুক্তিযুদ্ধে এদেশের মুক্তিকামী মানুষ ছিল দিশেহারা। নেতৃত্বহীন মানুষকে নেতৃত্ব দেবার জন্য সেদিন চট্টগ্রামের কালুরঘাটে একজন মেজর স্বাধীনতার ঘোষণা দিলেন। সেদিনের সেই মেজর ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান জেড ফোর্স নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন হলো। স্বাধীনতা উত্তর বাংলাদেশে সে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করল শেখ হাসিনা। তখন মুক্তিযোদ্ধাগণ সুবিধা পাওয়ার আশায় প্রতিবাদটুকু করেননি বলে তিনি আক্ষেপ করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।