২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও গৌরবের সঙ্গে উদযাপন করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান সকাল ৭.৩০ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার জনাব এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা জ্ঞাপন শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়, যা আত্মত্যাগ ও বীরত্বের স্মারক। তিনি নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উল্লেখ্য, একই দিনের কর্মসূচির অংশ হিসাবে সকাল ১০টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান -এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রারসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে উপস্থিত হয়ে তাঁদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেন। প্রেসবিজ্ঞপ্তি।