গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে কুরআনের হাফেজদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সেবামূলক ও অরাজনৈতিক সংগঠন আল মুহাসানাহ ছাত্র পরিষদ-এর উদ্যোগে আয়োজিত “হিফজ সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান–২০২৬” উপলক্ষে গত সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পূর্বনির্ধারিত নিবন্ধনের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অংশ নেওয়া ১৪০ জন কৃতি হাফেজকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়। এক মঞ্চে এত সংখ্যক হাফেজকে সংবর্ধনা দেওয়ার ঘটনা এ অঞ্চলে এটিই প্রথম বলে স্থানীয়রা জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল-২ (গোপালপুর ভূঞাপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু হাফেজদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত মুসল্লিদের “মাশাআল্লাহ”, “জাযাকাল্লাহ” ও “মারহাবা” ধ্বনিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।