বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, শ্রমিকরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। তাদের পরিশ্রমের ওপর দেশের উন্নয়ন অনেকাংশে নির্ভর করে। তবুও অনেক শ্রমিক আজও কষ্ট ও বৈষম্যের মধ্যে জীবনযাপন করছেন। তাই তাদের অধিকার রক্ষা করা, সহযোগিতা করা এবং কল্যাণে কাজ করা আমাদের সকলের দায়িত্ব। শ্রমিকদের পাশে দাঁড়ালে সমাজও আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে।
গতকাল সোমবার ঢাকা মহানগরী দক্ষিণের হাজারীবাগ জোনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শ্রমিকদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মাওলানা কুতুবউদ্দিন-এর সঞ্চালনায় এবং মিজানুর রহমান-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা মিঠু।
শামসুল ইসলাম বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শ্রমিকদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ একটি ছোট প্রয়াস মাত্র, যা তাদের মুখে হাসি ফোটাতে সাহায্য করে এবং জীবন কিছুটা সহজ করে তোলে। শ্রমিকরা দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল শক্তি, তাই তাদের কল্যাণ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের উচিত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়ানো। সব শ্রেণি-পেশার মানুষ যদি একসাথে এগিয়ে আসে, তবে শ্রমিকদের দৈনন্দিন দুঃখ-কষ্ট অনেকটাই কমানো সম্ভব। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে কাজ করলে শ্রমিকদের জীবনমান উন্নত হবে, যা দেশের সামগ্রিক উন্নয়নের গতিকেও ত্বরান্বিত করবে। শামসুল ইসলাম আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে এবং শ্রমিকদের কল্যাণে সক্রিয়ভাবে কাজ করবে।