মাহমুদ শরীফ, কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়া-রাজাবাড়ী আঞ্চলিক সড়কের গড়াই নদীর উপর নির্মিত সৈয়দ মাছউদ রুমী সেতুতে টোল আদায় বন্ধ রয়েছে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই। গত ৭ মার্চ সেতুটিতে পুনরায় টোল চালু করতে পরিদর্শনে গেলে প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পড়ে প্রশাসন। পরে তোপের মুখে প্রশাসনের কর্মকর্তারা স্থান ত্যাগ করেন। দুপুর ১২টার দিকে জেলা প্রশাসন, পুলিশ, সওজের কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি দল টোলপ্লাজা এলাকা পরিদর্শনে গেলে এই ঘটনা ঘটে।

এদিকে টোল আদায়ের সিদ্ধান্তের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তীব্র প্রতিবাদ আর মিশ্র প্রতিক্রিয়া।

জানা গেছে, প্রায় ২০ মাস বন্ধ থাকার পর আগামী ১০ এপ্রিল আবারও সেতুতে টোল চালু হতে পারে। সেই লক্ষ্যে পরিদর্শনে আসে দলটি। পরিদর্শন শেষে তারা টোলপ্লাজার কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বসেন। সেখানে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে ছাত্র জনতা। কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব উল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শিকদার মো. হাসান ইমাম, থানার ওসি জামাল উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।

দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে শতাধিক বৈষম্যবিরোধী ছাত্রজনতা, সিএনজি চালক ও স্থানীয়রা কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করে। পরে তাদের তীব্র প্রতিবাদ আর তোপের মুখে দুপুর ১টার দিকে বৈঠকে বসা কর্মকর্তারা টোলপ্লাজা ছেড়ে যায়।