চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতাঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশের কাঠেরপুলে ফুটওভারব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থী ও স্থানীয় জনতা। প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধের পর স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে মহাসড়ক থেকে সরে দাঁড়ায় স্থানীয়রা। পরে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

রবিবার (৫ এপ্রিল) দুপুর ১২টায় চান্দিনার কাঠেরপুল এলাকায় মহাসড়ক অবরোধ করে চান্দিনা ও দেবীদ্বার উপজেলার কয়েক গ্রামের মানুষ। এতে মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় পাশে অন্তত ৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে দুপুর ১টায় ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক সহ উপজেলা প্রশাসন, থানা ও হাইওয়ে পুলিশ। এসময় মহাসড়ক অবরোধের বিষয়ে উত্তেজিত জনতার কথা শুনেন তারা। স্থানীয় সাংসদ ফুটওভারব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলে মহাসড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা।