আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অসচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কুষ্টিয়ায় সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ কুষ্টিয়া শহর শাখা।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে শহরের হাজী শরীয়ত উল্লাহ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসীন, সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের জেলা সেক্রেটারি মমতাজ খাতুন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন, শহর জামায়াতের সেক্রেটারি শামীম আহমেদ, নায়েবে আমীর আজমল হোসেনসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসীন বলেন, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তুলতে আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা যেন নিজ নিজ ঘরে বসেই আয় করতে পারেন এবং পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন—এ লক্ষ্যেই এই সেলাই মেশিন বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে হলে কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই। বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে। জামায়াতে ইসলামী সবসময় মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সেলাই মেশিন শুধু একটি উপহার নয়, বরং এটি সুবিধাভোগী নারীদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। তারা প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করলে নিজেদের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন।

অনুষ্ঠানে সুবিধাভোগী নারীদের পক্ষ থেকে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা জানান, এই সেলাই মেশিন তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে।