দেশের সামগ্রিক উন্নয়নে বদ্ধপরিকর বর্তমান সরকার প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী সকলক্ষেত্রে টেকসই ও সুষম উন্নয়ন নিশ্চিতকরণে পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। দেশের কৃষিখাতও এর ব্যতিক্রম নয়। কৃষি খাতের উন্নয়নেও গ্রহণ করা হচ্ছে বিভিন্ন ধরনের কর্মকৌশল এবং পদক্ষেপ।
আগামী পাঁচ বছরে বর্তমান সরকারের মাধ্যমে ২০,০০০ কি.মি খাল খননের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে ৫,০০০ কি.মি খাল খননের কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে।
একইসঙ্গে দেশের প্রান্তিক কৃষকদের নিকট কৃষক কার্ড বিতরণের কাজটিও খুব শিঘ্রই শুরু হতে যাচ্ছে। এর অনুবৃত্তিক্রমে কৃষি মন্ত্রণালয়াধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর কার্যক্রম আরো সুচারুরূপে বাস্তবায়নের লক্ষ্যে তদারকি ও গতিশীল করার প্রয়াস হিসেবে কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গত সোমবার কৃষি ভবনে আয়োজিত সভায় তিনি বলেন যে, কৃষি ছাড়া একটি দেশের উন্নয়ন কোনক্রমেই ফলপ্রসূ হতে পারে না।
কৃষি মূলত: একটি জাতির উন্নয়নের ক্ষেত্রে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে থাকে। সুতরাং কৃষিকে প্রাধান্য দিয়ে দেশের উন্নয়নের কারিগর কৃষকদের পাশে দাঁড়াতে হবে।
দেশে সারের পর্যাপ্ত মজুদ আছে এবং ভবিষতেও সার আমদানি প্রবাহ অব্যাহত থাকায় সারের কোন সংকট হবে না। একইসঙ্গে বিদ্যমান পরিবহন ব্যবস্থার পাশাপাশি ব্যয় সাশ্রয় এবং জবাবদিহিতামূলক পরিবহন ব্যবস্থা নিশ্চিতকরণে রেলওয়ের মাধ্যমে সার পরিবহনের বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে তাঁর কর্মপরিকল্পনার কথা ব্যক্ত করেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ, বিএডিসি’র চেয়ারম্যান মোঃ আজিজুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।