আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজেও আত্মহত্যা করেছেন। বৃৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও ২৭ মাসের কন্যা সন্তান জিনি সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
স্থানীয়রা বাসিন্দারা জানান, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ার কারণে স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান এবং ফিরেও আসেন। বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে নিজেও ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় জয় সরকার ও তার সন্তানকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা দুইজনই মারা যান।