চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র সংগ্রহের সময় নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত আইনজীবীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবদুর রশিদের নেতৃত্বে একদল আইনজীবী মনোনয়নপত্র সংগ্রহ করতে বার লাইব্রেরিতে প্রবেশের চেষ্টা করলে বিএনপি-সমর্থিত আইনজীবীরা তাদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক, উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নির্বাচন কমিশনের সদস্যরা বার লাইব্রেরির দরজা সাময়িকভাবে বন্ধ করে দেন। পরে আওয়ামী লীগ-সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতাকর্মীরা বার লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।
আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের অভিযোগ, তারা সাধারণ আইনজীবী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে বিএনপি-সমর্থিত আইনজীবীরা তাদের প্রবেশে বাধা দেন। ফলে তারা নির্ধারিত সময়ে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেননি।