ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় র্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব-১৩, রংপুর।
র্যাব সূত্রে জানা যায়, সারাদেশে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব ১৩-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো. আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক ব্যক্তির নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নয়ন পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।