চট্টগ্রাম ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হলে গণভোটের প্রতিফলন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার সকাল ৮টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চান্দগাঁও থানা র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার চেতনা শুধু উদযাপনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তা বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়াই হবে স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন।
চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নায়েবে আমীর ডা. আবু নাছের, চান্দগাঁও থানার সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আজাদ চৌধুরী প্রমুখ। র্যালিটি জাতীয় পতাকা ও ব্যানারসহ চান্দগাঁও থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চকবাজার থানার উদ্যোগে র্যালি অনুষ্ঠিত হয়। চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস।
এতে আরও উপস্থিত ছিলেন চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম জামায়াত নেতা নুর হোসেন, শাহাদাত হোসেন, তাউসিফ সুলতান রাফি, নুরুল আমিন চৌধুরী প্রমুখ।
গাইবান্ধা
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সূর্যোদোয়ের সাথে সাথে স্বাধীনতা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু হয়। একই সময়ে পৌর পার্কের মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। পরে পৃথক পৃথকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মো. জসীম উদ্দীনসহ রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া সরকারি-বেসরকারি কার্যালয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও তার সাথে ছিলেন পুলিশ সুপার। সেসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।
বাগেরহাট
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারীদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার বিকালে জেলা জামায়াতের কার্যালয়ে জেলা আমীর মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, জেলা কর্ম পরিষদ সদস্য তাজমুল হোসেন, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা আমীর মাওলানা রেজাউল করিম বলেন,” ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বহু জীবন ও রক্তের বিনিময় আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি।যে কোন মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদেরকেই রক্ষা করতে হবে।স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী ব্যক্তিরা এদেশের সূর্য সন্তান। তাদের রেখে যাওয়া এই দেশকে হায়েনারা বারবার ক্ষত বিক্ষত করেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশে বিভিন্ন শাসকগোষ্ঠী দেশের মানুষের স্বাধীনতাকে হরণ করে একনায়তন্ত্র ও ফ্যাসিবাদ কায়েম করেছে।
রাজারহাট (কুড়িগ্রাম)
রাজারহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
ওইদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন। একই সঙ্গে ঠাঁটমারী বধ্যভূমিতেও পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মীরসরাই
বাংলাদেশ জামায়াতে ইসলামী মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান স্হানীয় আলীয় মাদরাসা মিলনায়তনে উপজেলা জামায়াতের আমীর মোঃ নুরুল কবির এর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আনোয়ার উল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ১২নং খৈয়াছড়া ইউনিয়ন সভাপতি হাফেজ মুহাম্মদ ইকরাম, ১৩নং মায়ানী ইউনিয়ন সভাপতি মোঃ সাহাব উদ্দিন, মীরসরাই পৌরসভা আমীর মো. শিহাব উদ্দিন, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মোঃ শফিকুল আলম সিকদার, উপজেলা জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা আমীর উনার বক্তব্য বলেন স্বাধীনতার সুফল আজো আমরা অর্জন করতে পারি নাই,শাসক গোষ্ঠী বারবার ক্ষমতার অপব্যবহার করে আধিপত্যবাদ কে আসকারা দিয়েছেন, এতে করে স্বাধীনতা বারবার আগ্রাসনের স্বীকার হয়েছে।
কাপ্তাই
রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কাপ্তাই উপজেলা জেলা কেন্দ্রীয় শহীদ বেদীর সামনে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
কোটালীপাড়া গোপালগঞ্জ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১২টায় কোটালীপাড়া শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
ভোলা
যে জাতি স্বাধীনতার মূল্য বোঝে, সে জাতিই পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারে’Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১২টায় ভোলা জেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। সভায় ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি হাছনাইন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক হাফেজ ইসমাইল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন নাজির রহমান কলেজের সাবেক অধ্যক্ষ মাকসুদুর রহমান, পৌর জামায়াতের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল আমিন, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি অ্যাডভোকেট রহমতুল্লাহ সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কালিগঞ্জ (সাতক্ষীরা)
সাতক্ষীরার কালিগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ২০২৬ বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাইনুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ ও আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহা. রবিউল বাশার।
রাজবাড়ী
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টায় স্থানীয় আজাদী ময়দান অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌর জামায়াতের আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং রাজবাড়ী জেলা জামায়াতের আমীর এ্যাডঃ মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আলীমুজ্জামান।
মেহেরপুর
মেহেরপুর মুজিবনগর, গাংনী উপজেলায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুর কলেজ মোড় জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বেদীতে পুষ্প অর্পণ করেন রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন মেহেরপুর মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ড: সৈয়দ এনামুল কবির, মেহেরপুর জেলা পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি’র জেলা সভাপতি জাবেদ মাসুদ মিলটন, এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্প অর্পণ করেন মেহেরপুর প্রেসক্লাব, জেলা, ইসলামিক ফাউন্ডেশন, জেলা প্রাণিসম্পদ অফিস, মেহেরপুর বিএ ডিসি অফিস, মেহেরপুর সরকারি কলেজ, পৌর কলেজ, জেলা মাদকদ্রব্য কর্মকর্তাগণ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
বোদা (পঞ্চগড়)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে হাইস্কুল প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও রবিউল ইসলাম। এরপর তিনি প্যারেড পরিদর্শন করেন এবং বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেন।
বোপোল
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করলো বিজিবি।
২৬ মার্চ বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে অত্র ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে।
এরই অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদএর নেতৃত্ব্ েএকদল চৌকস বিজিবি সদস্য কাশিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সামাধিস্থলে সকাল ৯টায় পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
এসময় বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্যগণ এবং স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে বীরশ্রেষ্ঠের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আটোয়ারী (পঞ্চগড়)
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছেন মোঃ মাজেদুর রহমান লিটন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে তিনি বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্পণ করেন। এসময় তিনি স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, “২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবময় দিন। স্বাধীনতার জন্য লাখো প্রাণের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। শহিদদের আত্মত্যাগ কখনো ভোলার নয়। তাদের দেখানো পথেই আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে স্থানীয় পর্যায়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সিংড়া (নাটোর)
যথাযোগ্য মর্যাদায় নাটোরের সিংড়ায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে আজ বৃহষ্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
এরপর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
পরে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌর পরিষদ, থানা পুলিশের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯ টায় সিংড়া কোর্টমাঠে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত ও সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
ফুলবাড়ী (কুড়িগ্রাম)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে যথাযথ মর্যাদায় বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলা প্রশাসন মুক্তিযোদ্ধা কমান্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এনসিপি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করা হয় ।
মুরাদনগর (কুমিল্লা)
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এক অনন্য আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় নবনির্মিত উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. বি. এম. সারোয়ার রাব্বীর সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।