শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে প্রায় দেড় কোটি টাকা মূল্যের পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। দখলের পর সেখানে বাউন্ডারি নির্মাণ করে ভুক্তভোগী পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়ায় তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার শ্রীপুরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জয়নাল আবেদিন লিখিত বক্তব্যে জানান, তার পিতা আফাজ উদ্দিনের মালিকানাধীন দুইটি স্থানে মোট প্রায় ৫০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে তাদের দখলে ছিল। সম্প্রতি একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে ওই জমি জোরপূর্বক দখল করে সেখানে বাউন্ডারি নির্মাণ করেছে।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, অভিযুক্ত জয়নাল আবেদিন (পিতা: সফুর উদ্দিন), মনির (পিতা: জয়নাল আবেদিন), আজিজ চৌধুরী (পিতা: সদর মিয়া), সুজন মির (পিতা: টুকু মিয়া) ও কামাল হোসেন (পিতা: মৃত বিল্লাল বেপারি) সংঘবদ্ধভাবে তার জমি দখল করে নেয়।
তিনি আরও জানান, জমি দখলের প্রতিবাদ করতে গেলে অভিযুক্তরা সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের বাড়ি ঘেরাও করে এবং তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এতে পরিবারটি বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
ভুক্তভোগীর অভিযোগ, দখলদাররা বাউন্ডারি নির্মাণ করে তাদের বাড়িতে প্রবেশ ও বের হওয়ার একমাত্র পথটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ফলে পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং ছোট ছোট শিশুরাও স্বাভাবিকভাবে বাড়ির বাইরে বের হতে পারছে না।
এ বিষয়ে প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পৈতৃক জমি উদ্ধার করে দেয়ার দাবি জানান জয়নাল আবেদিন। একই সঙ্গে বিষয়টি দ্রুত সমাধানে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।