চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর) ও বায়েজিদ বোস্তামী থানার পৃথক অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, চাপাতি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ দুই অভিযানে মোট ৪ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় শটগান, একনলা বন্দুক, বিদেশি পিস্তল, তাজা কার্তুজ, পিস্তলের গুলি, চায়না রাইফেলের গুলি এবং ধারালো চাপাতি।
সিএমপি জানায়, পুলিশ কমিশনারের নির্দেশনায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম গত ২৯ এপ্রিল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য অস্ত্র মজুদ করে রেখেছে।
এ তথ্যের ভিত্তিতে রাত ১০টা ২০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকার ১ নম্বর গলির মুখে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. হাসান (২৮) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তিনি হাটহাজারী উপজেলার নুরুল আমিনহাট এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বায়েজিদ লিংক রোড ও হাটহাজারীর খন্দকিয়া রাজখান পাড়ায় বসবাস করতেন।
আভিযানিক দল তার দেহ তল্লাশি করে কোমরের পেছনে গোঁজা অবস্থায় একটি চাপাতি উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার কাছে আরও অবৈধ অস্ত্র রয়েছে।