চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান নিজ বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়েছে।
গতকাল সোমবার সকালে নগরীর সিআরবি এলাকায় অবস্থিত এসপির সরকারি বাংলোতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় চিকিৎসকরা জানান, তার পায়ে গুরুতর ভাঙন ধরা পড়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বাথরুমে পড়ে গিয়ে এসপি গুরুতর আহত হন এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুর ২টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি হেলিকপ্টারে করে তাকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।