শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতাঃ ঈদের ছুটি শেষেও ঢাকায় কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় কমেনি পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাটে। শনিবারও ঘাট দুটিতে পরিবহন স্বল্পতার কারণে বাসের জন্য যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে দেখা গেছে। পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীদের অনেকে।
শনিবার পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঘাটে যাত্রীর ভিড়, কিন্তু পরিবহন স্বল্পতা। এই সুযোগে কতিপয় বাস মালিক-শ্রমিক স্বাভাবিক সময়ের চেয়ে ২০০-৩০০ টাকা বেশি ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ করছেন যাত্রীরা।
স্বাভাবিক সময়ে সেলফি, নীলাচল, শুভযাত্রা বাসের ভাড়া পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত ১২০ টাকা। এখন নবীনগরের ভাড়া নেওয়া হচ্ছে জনপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা। সাভারের ভাড়া স্বাভাবিক সময়ে নেওয়া হয় ১৫০ টাকা, এখন নেওয়া হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা। গাবতলীর ভাড়া ১৮৫ টাকা, এখন নেওয়া হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। পাবনার আমদালী শেখ, লাল মিয়া জানান, অতিরিক্ত ভাড়ার কারণে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ঘাটে আপেক্ষায় থেকেও বাসে উঠতে পারেননি তারা। তাদের মতো অসংখ্য যাত্রীকে আরিচা ও পাটুরিয়া ঘাটে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। কয়েকজন বাস চালক বলেন, সেলফি বাসের ঘাট সুপারভাইজার সুলতান আহম্মেদ ও শুভযাত্রার তুহিনের নেতৃত্বে ১৪-১৫ যুবক প্রতিটি বাস থেকে জিপির নামে ৪০০ থেকে ৫০০ টাকা করে চাঁদা নিচ্ছেন। তবে ‘ওয়ে বিলে’ লিখছেন ২০০ টাকা।এ কারণে ও বাস ভাড়া বেড়ে যাচ্ছে।
সেলফি বাসের পাটুরিয়া ঘাট সুপারভাইজার সুলতান আহমেদ বলেন, বাস পার্কিংসহ বিভিন্ন খরচের জন্য ৪০০-৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। বাড়তি ভাড়ার ব্যাপারে তিনি জানান, এখান থেকে যাত্রী নিয়ে গেলেও ঢাকা থেকে খালি আসতে হয়। এ কারণে বাস চালকরা কিছুটা বেশি ভাড়া নিচ্ছেন।শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মনিষা রানী কর্মকার বলেন, যাত্রীদের কাছে থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি বাসের চালককে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন।