রাজশাহীর পবা উপজেলার নওহাটায় অভিযান চালিয়ে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত মঙ্গলবার রাত ৮টার দিকে নওহাটা ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা এক নারীর কাছ থেকে প্রাথমিকভাবে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানকালে দম্পতির সঙ্গে থাকা একটি শিশুকেও হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবা পাচারের সন্দেহে ওই দম্পতিকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।