খুলনা ব্যুরো : খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে আহত স্ত্রী খুরশিদা বেগম (৫০) মারা গেছেন। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে ঢাকার সিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী খোকন শিকদারকে গ্রেফতার করেছে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে পারিবারিক কলহের জেরে খুলনা জেলার রূপসা উপজেলার চাঁদপুর গ্রামের খোকন শিকদার তার স্ত্রী খুরশিদা বেগমকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত খুরশিদাকে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে মিশকাত শিকদার বাদী হয়ে রূপসা থানায় পিতা খোকন শিকদারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। শনিবার সকালে খোকন শিকাদারকে পুলিশ গ্রেফতার করে। খোকন বেশকিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ লেগেছিল।
এ ব্যাপারে রূপসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুস সবুর খান বলেন, স্ত্রী হত্যার অভিযোগে খোকন শিকদারকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : দেবীদ্বারে প্রবাস ফেরত স্বামীর নেশার টাকা জোগানে ব্যার্থ স্ত্রীকে প্রতিনিয়ত নির্যাতনে ক্ষত-বিক্ষত শরীরে যন্ত্রনায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।
জাতীয় সেবা ৯৯৯’-এ ফোনে আসা পুলিশের সহযোগীতায় নিহত গৃহবধূর অর্ধগালত ফ্যানের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (২৯ মার্চ) দুপুর একটায় দেবীদ্বার পৌর এলাকার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের উত্তর গেইট সংলগ্ন মোসলেম মিয়ার পঞ্চম তলা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া আবু ইউছুফের বাসায়।
নিহত গৃহবধূ সাবিনা ইয়াছমিন (৩২) মুরাদনগর উপজেলার ১৯ নং দারোরা ইউনিয়নের দারোরা গ্রামের আবুল কাসেম খানের মেয়ে। প্রায় দেড় বছর পূর্বে প্রতিবেশী একই ইউনিয়নের পালাসূতা গ্রামের জাহাঙ্গীর মার্কেট সংলগ্ন আব্দুল বারেকের ছেলে বাহরাইন ফেরত আবু ইউছুফ (৩৩)’র সাথে সাবিনা ইয়াছমিন(৩২)’র পরকীয়ায় প্রেমে জড়িয়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর উভয়ের পরিবার এ বিয়ে মেনে না নেয়ায়, দেবীদ্বার সদরে ভাড়া বাসায় গত দেড় বছর ধরে বসবাস করে আসছিলেন।
ঘিওর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে ভুট্টাক্ষেত থেকে মানুষের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার (২৯ মার্চ) সকালে সদর উপজেলার দিঘুলিয়া এলাকা নদীপাড়ের একটি ভুট্টাক্ষেত থেকে মাথাটি উদ্ধার করে পুলিশ।
পুলিশের ধারণা, মাথাটি ওই এলাকায় তিনদিন আগে উদ্ধার হওয়া ইজিবাইকচালক রফিক মিয়ার (২৭)। ভুট্টাক্ষেত থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তিনদিন আগে ওই তরুণের মাথাবিহীন লাশ উদ্ধার করেছিল পুলিশ।
বানিয়াজুরি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক পুলক কুমার দাস মজুমদার বলেন, সকালে দিঘুলিয়া এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে এক ব্যক্তি নিজের ক্ষেতে ভুট্টা তুলতে গেলে শরীর থেকে বিচ্ছিন্ন মাথাটি দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, শরীর থেকে বিচ্ছিন্ন মাথাটি নদীতে নিক্ষেপ করার পর ভাসতে ভাসতে ভুট্টাক্ষেতের পাশে নদীর তীরে আসে। পরে কুকুর বা শেয়াল সেখান থেকে মাথাটি ভুট্টাক্ষেতে নিয়ে আসতে পারে। ফরেনসিক পরীক্ষার জন্য মাথাটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মতলব (চাঁদপুর) চাঁদপুরের মতলব দক্ষিণে গরুর খামার থেকে মনজিল শেখ (৫৫) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মনজিল শেখকে হত্যা করেছে বলে জানা গেছে।
শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নারায়ণপুর প্রধানীয়া বাড়ির সেলিম প্রধানের গরুর খামারে এ ঘটনা ঘটে।
নিহত মনজিল শেখ মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার উত্তর বাড়ৈগাঁও এলাকার মৃত কালু শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মনজিল শেখ চার বছর ধরে গরুর খামারে গরু দেখাশোনার কাজ করে আসছে। একই খামারে সাগর হোসেন (৩০) নামের অন্য এক শ্রমিক গত দেড় বছর আগে খামারে চাকরি নেয়। অনেক সময় তাদের দুজনের মধ্যে ঝগড়াঝাটি, কথা কাটাকাটি করতে দেখতে পায় অন্যরা। মনজিল শেখের মৃত্যুর পর সাগর হোসেন পলাতক রয়েছে। সাগর হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আব্দুল জব্বারের ছেলে। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
আমতলী (বরগুনা) সংবাদদাতা : বরগুনার আমতলীতে তালাক দেয়া স্ত্রীর জামাই কতৃক শাশুরি ও তার শ্যালকের স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত শাশুড়ি তাসলিমা(৪৮) ও লামিয়া (২৫) কে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে আমতলী পৌরসভার ৯ নং ওয়ার্ডের লোছা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে ৬ বছর পূর্বে , আমতলী পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে অটো চালক ইব্রাহিম (৩০) এর সাথে ,৭ নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের মেয়ে সাথী আকতারের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মাথায় তাদের একটি পুত্র সন্তান হয়। তিন বছর যাবৎ ইব্রাহিম বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ে। নেশাগ্রস্থ অবস্থায় সে তার স্ত্রী সন্তানকে মারধর করত।
মানিকগঞ্জ : মানিকগঞ্জে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক রফিককে গলাকেটে হত্যাকরে মাথা গোপান করার পাঁচ দিনপর ভুট্রা ক্ষেত থেকে একটি বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করেছে পুলিশ,পিবিআই।
রবিবার ২৯ (মার্চ) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘুলিয়া এলাকায় কালিগঙ্গা নদীর পশ্চিম পাড়ে সোনামিয়া প্রামাণিকের একটি ভোট্রা ক্ষেত থেকে কাটা মস্তকটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই’র মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার জয়িতা শিল্পী। তবে এটি অটোরিক্সা চালক রফিক মিয়ার মস্তক কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করেনি প্রশাসন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার পরই মস্তকের পরিচয় নিশ্চিত করা যাবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মানিকগঞ্জ সদর থানাধীন নবগ্রাম ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে কালীগঙ্গা নদীর পশ্চিম পাড়ে সোনামিয়া প্রামাণিকের ভুট্টা ক্ষেতে একি গ্রামের মো.রিহাদ হোসেন ভুট্টা ভাঙতে গিয়ে দুর্গন্ধ পান। পরে খোঁজ নিয়ে ঘাসের মধ্যে একটি কাটা মস্তক (মাথা) পড়ে থাকতে দেখতে পান। বিষয়টি নবগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আজিজুল হককে জানান। পরে তিনি থানা পুলিশ ও পিবিআইকে বিষয়টি অবহিত করেন।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া বাটিপাড়া পারিবারিক কলহে ছেলের হাতে নিজের জন্মদাতা পিতা খুন। ২৯ শে মার্চ রবিবার সকালে পারিবারিক কলহের জেরে হত্যার ঘটনা ঘটে। জানা যায়, সামান্য বিরোধের জেরে নিজের জন্মদাতা পিতাকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যা করে ছেলে ও চার নাতিরা। নিহত হোসেন আলী পেশায় একজন শুঁটকি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হোসেন আলীর সাথে তার ছেলে রফিকুল ইসলামের পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম এবং তার বড় ছেলে ইব্রাহিম খলিলসহ চারজন মিলে বৃদ্ধ হোসেন আলীর ওপর হামলা চালায়।
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার লুধুয়া এলাকার মেঘনা নদীর পাড়ে পড়ে থাকতে দেখা গেলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ওই লাশ উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, আনুমানিক ২৫-৩০ বছরের যুবকের অজ্ঞাত একটি লাশ মেঘনা নদীর পাড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে আমরা নৌপুলিশকে অবহিত করলে তারা ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। জোয়ারের সাথে অন্য এলাকা থেকে ভেসে আসছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছেন তিনি। লাশটি সনাক্তকরণে সহায়তা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকাবাসীকে আহবান জানান ওসি।
নোয়াখালী : নোয়াখালীর কবিরহাট উপজেলার পূর্ব রাজুর গাঁও গ্রামের একটি ইটভাটার ডোবা থেকে নিখোঁজ এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো: সোহেল রানা (২৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা ওই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গত দুই দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয় লোকজন পূর্ব রাজুর গাঁও গ্রামের ইটভাটা সংলগ্ন একটি ডোবায় লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের বাবা অলি উদ্দিন অভিযোগ করেন, গত শুক্রবার সকালে তার ছেলে ইটভাটায় কাজে যাননি। বিকেলে তাকে জোরপূর্বক ইটভাটায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার মামা কামাল ও সাইফুল মাঝির ভাই আলতাব। এ সময় তাদের মধ্যে বাকবিত-া হয়। এরপর সন্ধ্যার পর থেকেই সোহেল রানা নিখোঁজ ছিলেন।
বিচার দাবিতে মানববন্ধন
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার সারিয়াকান্দিতে ভেলাবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কর্মী জাকারিয়া আহম্মেদ শয়ন হত্যাকা-ের প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
রবিবার সকালে উপজেলার জোড়গাছা বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নিয়ে মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় বক্তারা অভিযোগ করেন, হত্যার চারদিন অতিবাহিত হলেও পুলিশ মূল আসামিদের গ্রেফতার করতে পারেনি।
মানববন্ধনে বক্তারা জানান, এলাকায় মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ায় শয়ন তার প্রতিবাদ করেছিলেন। এরই জেরে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুবেল ও তার সহযোগীরা শয়নকে নৃশংসভাবে পরিকল্পিতভাবে হত্যা করে। নিহতের মা মোর্শেদা বেওয়া কান্নায় ভেঙে পড়ে খুনিদের ফাঁসি দাবি করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ভেলাবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম শিপন, ইউপি সদস্য আব্দুল হামিদসহ নিহতের পরিবারের সদস্যরা। তারা হুঁশিয়ারি দেন যে, দ্রুত আসামিদের গ্রেফতার করা না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে কোনো গাফিলতি করা হবে না।
উল্লেখ্য, গত বুধবার (২৫ মার্চ) রাতে উপজেলার জোড়গাছা পূর্বপাড়া এলাকায় শয়নকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। নিহত শয়ন জোড়গাছা মধ্যপাড়া গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে।