বাগমারা (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর বাগমারার বিশিষ্ট সমাজসেবক এলাকার কৃতি সন্তান উপজেলা আমীর মাস্টার কামরুজ্জামান হারুনের জানাযা গতকাল শনিবার দাফন সম্পন্ন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নওদাপাড়া ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ৫০। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বেলা সাড়ে ১১টার উপজেলার বাঁইগাছা বোর্ড মাঠে জানাযা শেষে নিজ পারিবারিক গোরস্থান বাঁইগাছা গ্রামে দাফন করা হয়।

মাস্টার কামরুজ্জামান হারুন দীর্ঘ দিন যাবৎ বাইগাছা উচ্চ বিদ্যালয়ে বিএসসি শিক্ষকের পাশাপাশি জামায়াতের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সম্প্রতি তিনি ডায়াবেটিস রোগে আক্রন্ত হন। শুক্রবার হঠাৎ অসুস্থ হলে তাকে বিকালে জেলার নওদাপাড়া ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাযের জানাযায় জন প্রতিনিধিসহ জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য মুসল্লীগণ উপস্থিত ছিলেন। জানাযার ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে হাসিবুল হাসান। জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচতি জামায়াতের মনোনীত প্রার্থী সংসদ সদস্য ডা. মোঃ আব্দুল বারী সরদার, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক, নায়েবে আমীর মোঃ মইনুল হোসেন ও মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মোঃ গোলাম মুর্তজা, উপজেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম আলী, জেলা কর্মপরিষদ সদস্য ওহিদুল ইসলাম, বাগমারা উপজেলার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আব্দুল মজিদ প্রমুখ। এছাড়াও মোবাই ফোনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত নায়েবে আমীর সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

এ সময় জানাযায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সামসুর রহমান মিন্টু সহ জেলা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের হাজারো মুসল্লী।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেন, রাজশাহী জেলার অন্যতম অগ্রসর উপজেলা সংগঠন হচ্ছে বাগমারা উপজেলা। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে একজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বলেন, মরহুম কামরুজ্জামান হারুন শ্রেণি-পেশার মানুষদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে একনিষ্ঠভাবে কাজ করেছেন। একই ভাবে রাজশাহী-৪ (বাগমারা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল বারী সরদার বলেন, কামরুজ্জামান হারুন ইসলাম প্রতিষ্ঠার জন্য এ অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মৃত্যু এই অঞ্চলের ইসলামী আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। ইসলামী আন্দোলনে তিনি ছিলেন একজন বীর পুরুষ।