ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)গাজীপুরের দ্বিতীয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এম-ডুয়েট প্রকল্পের আওতায় বিজয়-২৪ হলের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার ভিসি অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উন্নয়ন কাজের শুভ সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে ভিসি বলেন, এম-ডুয়েট প্রকল্প বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অন্যতম বৃহৎ ও সময়োপযোগী উদ্যোগ, যার মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, গবেষণাগারের আধুনিকায়ন এবং আবাসন সুবিধা সম্প্রসারণ একযোগে বাস্তবায়ন করা হচ্ছে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি বিধি অনুসরণ করে প্রকল্পটি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এর পূর্ণ বাস্তবায়ন ডুয়েটকে প্রকৌশল শিক্ষায় নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা বাড়াবে।
বিশেষ অতিথি প্রোভিসি অধ্যাপক মো. আরেফিন কাওসার বলেন, একটি প্রকল্প অর্জনের চেয়ে তার সুষ্ঠু বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ, যা সম্মিলিত আন্তরিকতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সফল করা সম্ভব।
এম-ডুয়েট প্রকল্পের পরিচালক, অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে একই প্রকল্পের আওতায় শিক্ষক আবাসনের জন্য টাওয়ার বিল্ডিং সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের জন্য সাইকেল শেড নির্মাণের কাজও উদ্বোধন করা হয়, যা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জীবনযাত্রাকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।