পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি রিয়াজুল ইসলাম বেল্লালের (৩৭) মোটরসাইকেলের পর এবার পুড়লো খড়ের গাদা। গত সোমবার দিবাগত রাত ১টার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামে এ ঘটনা ঘটে।

হাড়িটানা ওয়ার্ড জামায়াতের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আমি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত তাছাড়া এ সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের নির্বাচনী কাজে ছিলাম। এ জন্য একটি পক্ষ আমার বিরোধিতা করে নির্বাচনের আগের রাতে আমার মোটরসাইকেলটি বসতঘরের সামনে থেকে নিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। আর নির্বাচনের প্রায় এক মাস পর গতকাল সোমবার দিবাগত রাতে আমার বসতঘরের পাশে থাকা খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এটা এক প্রকার রাজনৈতিক আগুন সন্ত্রাস। এ ঘটনার শাস্তি দাবি করছি।

পাথরঘাটা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু সালেহ বলেন, নির্বাচনের আগের রাতে হাড়িটানা জামায়াত নেতার মোটরসাইকেল ও গতরাতে তার খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। তার ওপর যে আচরণ করা হচ্ছে তা রাজনৈতিক। এছাড়াও হাড়িটানায় নাসির উদ্দিনের পা ভেঙে ও ওই ইউনিয়নের হরিণঘাটা, বাদুরতলা, পদ্মায় নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে বিএনপির ভাইদের বিষয়টি দেখার অনুরোধ করছি।

অভিযোগ প্রসঙ্গে পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির সদ্য বিদায়ী কমিটির সভাপতি মো. ছগির আলম বলেন, টেংড়া এরকম একটি খড়ের গাদায় জামায়তের লোকজন আগুন দেয়ার সময় হাতেনাতে ধরা পড়েছিল। মূলত জামায়তের লোকজনই এসব কাজ করে বিএনপির ওপর দায় চাপাচ্ছে।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ওনি (রিয়াজুল) থানায় আসছিল। পরে অভিযোগ নিয়ে ওসি স্যারের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। তবে পরে অভিযোগ নিয়ে আসেননি।