আমতলী (বরগুনা) সংবাদদাতা : আমতলীতে ধানের কুড়া (ধানের খসি) ক্রয়ের ১শ’টাকা কম দেওয়া নিয়ে হামলায় গুরুতর আহত যুবক মো. সজিব আকন (২৩) চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মারা যাওয়া যুবক আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের আয়নাল আকনের ছেলে। ২১ মার্চ শনিবার তুচ্ছ বিষয় নিয়ে এ হামলার ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের আয়নাল আকন একই গ্রামের সোনামিয়া প্যাদার নিকট থেকে ৮শ’ টাকায় দুই মণ ধানের কুড়া (খসি) ক্রয় করেন। আয়নাল আকন দুই মণ কুড়ায় ১শ’ টাকা কম দিতে চাইলে এ নিয়ে দু’জনের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় সোনা মিয়া প্যাদার লোকজনের দা ও লাঠি দিয়ে আয়নাল আকনের ছেলে নিহত সজিবসহ ৭-৮ জনকে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের সকলকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে সজিব আকনের অবস্থা গুরুতর হওয়ায় ২১ মার্চ শনিবার রাতেই তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ভর্তি করা থেকে সে ওই হাসপাতালের আইসিইইতে ছিলেন। চিকিৎসাধীন থাকা অবস্থায় সজিব মারা যান। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা রয়েছে। মামলায় গ্রেফতার হওয়া প্রধান আসামী জেল হাজতে রয়েছে।