নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা ও মাদকসহ ডজনখানেক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক শামীম মিয়াকে গ্রেপ্তারের পর পুলিশের উপর হামলা চালিয়ে তার অনুসারীরা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শামীম মিয়ার সহযোগীদের হামলায় কয়েকজন পুলিশ আহত হয়েছেন। সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে। শামীম মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার আব্দুল খালেদের ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজধানীর ডেমড়া ঘেষা নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকাটি অপরাধীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে বছরের পর বছর হত্যা, মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা ধরনের অপরাধ সংগঠিত হয়ে আসছে। রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা শামীম মিয়ার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক, আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা সহ বিভিন্ন ঘটনায় ডজন খানেক মামলা রয়েছে। এছাড়া কয়েকটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে এই পলাতক আসামীকে পুলিশ খুঁজছিল। এ সময় হামলাকারীদের আঘাতে কয়েকজন পুলিশ আহত হয়।

খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে এসে অবরুদ্ধ পুলিশদের উদ্ধার করেন। পরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় শামীমের স্ত্রী সাথী আক্তারসহ ১৩ জনকে আটক করা হয়। এই ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী ও জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, আমরা জানতে পারি- মাদক সম্রাট ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শামীম মিয়া ঐ এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান পরিচালনা করে শামীম মিয়াকে পুলিশ গ্রেফতার করলে শামীমের অনুসারীরা পুলিশের উপর মব সৃষ্টি করে নিয়ে যায়। পরে পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে গিয়ে শামীমের স্ত্রীসহ ১৩ জনকে আটক করে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।