মোংলা (বাগেরহাট) সংবাদদাতা : কোস্টগার্ডের অভিযানে সুন্দরবনে সক্রিয় ‘ছোট সুমন’ নামে পরিচিত একটি ডাকাত দলের একটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে এবং তাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে মোংলার সীমান্ত খাল এলাকার নিকটবর্তী স্থানে ওই ডাকাত দলের সদস্যরা অবস্থান করছে। এর পরিপ্রেক্ষিতে সকাল ৬টায় কোস্টগার্ড বেইস মোংলা এবং স্টেশন হারবারিয়া যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে তাদের একটি ঘাঁটি শনাক্ত করে সেটি ধ্বংস করা হয়। পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একটি ওয়াকিটকি এবং রান্নার সরঞ্জামসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উদ্ধার ও জব্দ করা হয়।
অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দলটির সদস্যরা বনের গভীর অংশে সরে পড়ে, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা সামগ্রী পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংরক্ষণ করা হয়েছে বলে জানানো হয়। তিনি আরও উল্লেখ করেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।