শার্শা সংবাদদাতাঃ বেনাপোল স্থলবন্দরে ঘোষণা বহির্ভূত ও আমদানি নিষিদ্ধ ১৭ মেট্রিক টন ১০০ কেজি পাট বীজের একটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যার আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকা।
রবিবার (৮ মার্চ) রাতে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টারপ্রাইজ এবং সিএন্ডএফ এজেন্ট মেসার্স কদর এন্ড কোং-এর মাধ্যমে পাটের চালানটি বন্দরে প্রবেশ করে। ঘাসের বীজ ঘোষণা দিয়ে ভারতীয় একটি ট্রাকে ১ হাজার ৫০০ বস্তায় ৪৫ মেট্রিক টন ৬শ’ কেজির পণ্যটি আমদানি করা হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এন এস আই) এর গোপন তথ্যের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দর ইউনিট বিষয়টি বেনাপোল কাস্টম হাউসের কমিশনারকে অবহিত করেন। পরে কাস্টমস কর্তৃপক্ষ পণ্য চালানটি পরীক্ষা করলে ঘোষণা বহির্ভূত ৫৬৭ বস্তায় ১৭ মেট্রিক টন ১০০কেজি পাট বীজ পায়।
কাস্টমস সূত্র জানায়, অত্যন্ত কৌশলে ঘাসের বীজের আড়ালে এই পাট বীজ আমদানি করা হয়েছিল। বর্তমানে সরকার কর্তৃক পাটবীজ আমদানির অনুমোদন না থাকায় এটি আমদানি নিষিদ্ধ পণ্য হিসেবে গণ্য। মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানির অভিযোগে সংশ্লিষ্ট আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার রাহাত হোসেন জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এন এস আই) এর মাধ্যমে জানতে পেরে উক্ত পন্য চালানটিতে পরীক্ষন করে ঘোষণা বহির্ভূত ১৭ মেট্রিক টন পাট বীজ পাওয়া গেছে। যেখানে ঘাসের বীজ ঘোষণা দিয়ে পাট বীজ আনা হয়েছে। মিথ্যা ঘোষণার অপরাধে আমদানিকারক এবং সিএন্ডএফ এজেন্টকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।