গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি এলাকায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিকালে বাংগাবাড়ি বাজারে এ মানববন্ধনের আয়োজন করে বাংগাবাড়ি মাদক নির্মূল কমিটি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মেসবাহুল হক বুলেট। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে সোচ্চার অবস্থান তুলে ধরেন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংগাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, বাংগাবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা ডা. আব্দুল গনি, বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম রাজ, সাবেক ইউপি সদস্য মুনিরুল ইসলাম, আব্দুল রাকিব, নুইমুদ্দিন হাজি, শিক্ষক লিটন, শিক্ষক রুহুল আমিন এবং বাংগাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোস্তকিম হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান এবং মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।