বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: বাঁশখালীর উপকূলীয় অঞ্চলে ভাঙন কবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন বাঁশখালীর সাংসদ অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম এমপি। এ সময় তিনি ঝুঁকি এড়াতে জরুরিভিত্তিতে অস্থায়ী বাঁধ নির্মাণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রামকে নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি উপজেলার খানখানাবাদ ইউনিয়নের দক্ষিণ প্রেমাশিয়া এলাকায় জোয়ারে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি বলেন, ‘আগামী দু’এক দিনের মধ্যেই কাজ শুরু হবে। বর্তমানে প্রয়োজনীয় মাটি সংকট থাকলেও জিও ব্যাগ ব্যবহারের মাধ্যমে দ্রুত সংস্কার কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে।

এসময় বাঁশখালীর মানুষের জানমাল রক্ষায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি।