আলীকদম সংবাদদাতা : গতকাল সোমবার বান্দরবান জেলার আলীকদম উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। পার্বত্য অঞ্চলে নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয় অনুষ্ঠানে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে এবং ইউএনডিপির সহযোগিতায় আলীকদম উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলÑ ‘অধিকার, ন্যায়বিচার, পদক্ষেপ: সকল নারী ও মেয়ে শিশুর জন্য।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন। সভায় সভাপতিত্ব করেন মংচিং হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. শাহ আলম, ওয়ামী একাডেমির প্রধান শিক্ষক আবু সিদ্দিক এবং আলীকদম কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনডিপির প্রতিনিধি শামীম ওসমান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের নারীরা নানা সামাজিক ও ভৌগোলিক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও নেতৃত্বের ক্ষেত্রে তাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নারীর সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, জীবিকা বৃদ্ধি, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে ইউএনডিপি। এসব উদ্যোগের মাধ্যমে পাহাড়ি এলাকার নারী ও কন্যাশিশুরা শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক কর্মকা-ে আরও বেশি সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে আলীকদম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন পেশাজীবী নারী, এনজিও কর্মী, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।