গাজীপুর মহানগরের বাসন থানাধীন বিটিপাড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলী ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় এবং ঝুটবোঝাই ট্রাক ও ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের বিটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহানগরের বাসন থানার বিটিপাড়া এলাকায় অবস্থিত ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি ও যুবদলের কিছু নেতাকর্মীর নিয়ন্ত্রণে ছিল। অভিযোগ রয়েছে, এ ব্যবসা থেকে পাওয়া লাভের একটি অংশ এলাকার প্রায় ৮০ জন নেতাকর্মীর মধ্যে ভাগ করে দেওয়া হতো।

শনিবার সকালে খান ট্রেডিংয়ের প্রোপ্রাইটর কৌশিক খানের সঙ্গে কারখানার ঝুট ক্রয়-বিক্রয়ের চুক্তি অনুযায়ী ঝুট নিতে গেলে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। এ সময় চৌরাস্তা এলাকার মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরীফ আজাদ, বাসন থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম দিপু ও মান্নানের নেতৃত্বে একটি পক্ষ কারখানা থেকে ঝুট বের করতে গেলে স্থানীয় আরেক পক্ষ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে কয়েক রাউন্ড গুলী ছোড়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীদের অনেকের হাতে দেশীয় অস্ত্র ছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ঝুটবোঝাই একটি ট্রাক ও ব্যবসায়ীর কাছ থেকে প্রায় তিন লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।