কুমিল্লায় হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টায় কুমিল্লা রেলওয়ে স্টেশনের পাশে শাসনগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজান মিয়ার স্ত্রী জোসনা বেগম (৬০) এবং তার নাতনি চাঁদনী (১৫)। চাঁদনী জাহাঙ্গীর মিয়ার মেয়ে।

পরিবার ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, জোসনা বেগম ও তার নাতনি চাঁদনী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।

চিকিৎসা শেষে সন্ধ্যায় তারা বাড়ির উদ্দেশে রওনা হন। শাসনগাছা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তারা।

দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে সিআইডির ফরেনসিক টিমের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়। খবর দেওয়া হয় স্বজনদের। নিহতদের স্বজন জোহরা বেগম বলেন, জোসনা বেগম ও চাঁদনী সম্পর্কে দাদী-নাতনি।

রাত সাড়ে ৮টায় পুলিশের মাধ্যমে মোবাইল ফোনে তাদের মৃত্যুর খবর পান। পরে রেলস্টেশনে গিয়ে দুজনের মরদেহ দেখতে পান। তারা চিকিৎসার জন্য কুমিল্লায় এসেছিলেন।

কুমিল্লা রেলওয়ে স্টেশন ফাঁড়ির এএসআই মামুনুর রশিদ বলেন, রেললাইন পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।