পঞ্চগড় সংবাদদাতা

পঞ্চগড় সীমান্তে ২ বাংলাদেশী কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল বলে অভিযোগ ভারতীয় বিএসএফের। বুধবার (২২ এপ্রিল) সকালে পঞ্চগড় সদরের গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যান।

বিএসএফের হাতে আটক ওই দুই কিশোর হলেন: জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। জানা যায়, বুধবার বেলা ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে যান ইন্দ্র ও উদয় নামে দুই কিশোর বলে জানা গেছে। এক পর্যায়ে তারা সীমান্তের মেইন পিলার অতিক্রম করে ভারতীয় অংশের ১৫০ গজ অভ্যন্তরে মীরগঞ্জ নামক এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

এ দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানিয়েছে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটেলিয়নের লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।