নেত্রকোণা সংবাদদাতা
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা, অবরুদ্ধ করা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত এক আসামীসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের পরবর্তী কার্যক্রমের জন্য আদালতে সোপর্দ করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পূর্বধলা উপজেলা সদরের আতকাপাড়া গিরিপথ ফিলিং স্টেশন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় এমপি মাছুম মোস্তফার গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী এমপি মাছুম মোস্তফা দাবি করেন, প্রায় শতাধিক লোক নিয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ (বাবু)-এর নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার সময় উপজেলা জামায়াতের নায়েবে আমীরসহ কয়েকজন নেতাকর্মীও আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে একটি মসজিদে নিয়ে যান এবং পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িতে করে নিরাপদে পূর্বধলায় পৌঁছে দেন।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার আগের দিন থেকেই প্রতিপক্ষের নেতাকর্মীরা উত্তেজনামূলক স্লোগান দিয়ে এলাকায় মিছিল করছিল এবং তার ওপর হামলার চেষ্টা চালাচ্ছিল।
এ ঘটনায় শুক্রবার রাত সোয়া ২টার দিকে এমপির ব্যক্তিগত সহকারী মো. আল আমিন বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবং পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের তালুকদারকে প্রধান আসামী করে ৬০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামী করা হয়েছে।
মামলার অন্য আসামীদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ (বাবু), যুবদল নেতা মো. আনার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির (পাপ্পু) প্রমুখ। পুলিশ জানিয়েছে, এজাহারভুক্ত আসামীদের সবাই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অভিযুক্তদের আটক করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
হামলার প্রতিবাদে নেত্রকোণায় জামায়াতের বিক্ষোভ মিছিল : নেত্রকোণা - ৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাছুম মোস্তফার উপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ লপান জেলা জামায়াতের নেতৃবৃন্দ। শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২ টায় নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোঃ বদরুল আমিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল্লাহ ভাইয়া, পৌর জামায়াতের আমির মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা অলিউল্লাহ ও পৌর জামায়াতের নায়েবে আমীর ডাঃ আবুল হোসেন তালুকদার ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি তারিকুজ্জামান তৌহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একটি মজলুম সংগঠন এখন জালেম হয়ে গেছে। এত তাড়াতাড়ি তারা নিজেদের ১৭ বছরের কষ্ট ভুলে গেল আমরা কল্পনাও করতে পারি নাই। অতীত থেকে আপনারা শিক্ষা নিন। না হয় অতীতের হাসিনার মতোই আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। আমরা প্রশাসনকে বলবো পূর্বধলায় এমপির উপরে হামলার ঘটনায় যারা জড়িত, যারা গাড়ি ভাঙচুর করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসনকে এর দায়ভার নিতে হবে।