উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াতকে ক্ষমতায় না আনার জন্য নানা কৌশলে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে। এদেশে নির্বাচনী সংস্কৃতি রয়েছে, জয়ী হলে নির্বাচন সুষ্ঠু হয় এবং হেরে গেলে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। কিন্তু এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্যই জামায়াত হেরে গিয়েও বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে যোগ দিয়েছে।

বুধবার বুধবার স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উল্লাপাড়া উপজেলা জামায়াত আয়োজিত সভায় রফিকুল ইসলাম খান আরো বলেন, আমরা সরকারের ভালো কাজে সমর্থন ও সহযোগিতা করবো। কিন্তু জনবিরোধী কোন কাজ করলে প্রকৃত বিরোধী দল হিসেবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তার প্রতিবাদ করবো। তিনি গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে বলেন, উল্লাপাড়ায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তিনি তার পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন। তবে এক্ষেত্রে তিনি গণমাধ্যম কর্মীদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। সংসদ সদস্য বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাই তিনি যদি কাজের ক্ষেত্রে কোনভাবে ভুল সিদ্ধান্ত নেন তবে তারা যেন নির্দিধায় তাকে তার ভুল ধরিয়ে দেন। উল্লাপাড়াকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত একটি বাসযোগ্য উপজেলা গড়তে তার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সবধরনের ভূমিকা নেবেন তিনি। আর এজন্য সকল দলমতের মানুষের সহযোগিতা চেয়েছেন বিরোধী দলীয় হুইপ।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক খায়রুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ভৌমিক, এ আর জাহাঙ্গীর, নজরুল ইসলাম, আব্দুস ছাত্তার, হাফিজুর রহমান বাবলু, রবিউল আলম, তুহিন আলম, লিখন আহমেদ প্রমুখ।