সাতকানিয়া সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে রুকনদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকার শনিবার সাতকানিয়া পৌর সদরস্থ ইসলামিক সেন্টার হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি তারেক হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, একটি আদর্শ সমাজ ও কল্যাণরাষ্ট্র গঠনে সৎ, দক্ষ ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার বিকল্প নেই। রুকনদেরকে সংগঠনের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিয়ে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বস্তরে নৈতিকতা, সততা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীর কর্মীদেরকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তা অধ্যাপক জাফর সাদেক বলেন, জামায়াতে ইসলামীর রোকনরা সংগঠনের মূল শক্তি। তাদেরকে আত্মশুদ্ধি, দাওয়াতি কাজ এবং সাংগঠনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় সচেতন ও সক্রিয় থাকতে হবে। কোরআন-সুন্নাহভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে রুকনদেরকে আদর্শিক দৃঢ়তা ও কর্মতৎপরতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, জেলা পলিটিক্যাল সেক্রেটারি মাওলানা আবুল ফয়েজ, মজলিসে শূরা সদস্য এম. ওয়াজেদ আলী সাতকানিয়া জামায়াতের সাবেক আমীর ডা. নুরুল হক, সাতকানিয়া জামায়াতের নাযেবে আমীর মাস্টার আব্দুস সোবাহান, পৌরসভা জামায়াত আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সাতকানিয়া জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী আজিজুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সংগঠনের আদর্শিক চেতনা ধারণ করে সমাজকল্যাণে কাজ করার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মশালায় সাতকানিয়া উপজেলা ও পৌরসভার রুকনরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সেশন শেষে প্রশ্নোত্তর ও আলোচনা অনুষ্ঠিত হয়।