বগুড়া অফিস

বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন। তিনি সকাল ৯টায় শহরের ৮নং ওয়ার্ডের সেউজগাড়ী আমতলা মোড় থেকে প্রচারণা শুরু করেন। প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত পথসভা করেন আবিদুর রহমান। পথসভায় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি উৎসব মূখর পরিবেশে নির্বাচনের পর আবারও আমাদেরকে বোটারদের কাছে ভোট চাইতে হচ্ছে এটা দু:খজনক। বগুড়ার মানুষ যাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তিনি বগুড়াবাসীর ভালোবাসার প্রতিদান দিতে পারেননি। তিনি বগুড়ার আসনটি ছেড়ে দিয়েছেন। ফলে আবারও ভোট দিতে হচ্ছে। আমরা আশাকরি আসন্ন উপনির্বাচনে আপনারা বগুড়ার মানুষকে নির্বাচিত করবেন। তিনি বলেন, দাঁড়িপাল্লা বিজয়ী হলে বগুড়া সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত হবে। শহরের যানজট নিরসন হবে। সুন্দর একটা বগুড়া উপহার দিবো ইনশাআল্লাহ। এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল হাকিম সরকার, শহর জামায়াতের সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, প্রচার ও মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।