ধুনট সংবাদদাতা : বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট ও লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের বিদ্যুৎ, কৃষি ও শিল্প খাতে। এর ধারাবাহিকতায় বগুড়ার ধুনটে ডিজেল সংকটে পড়ে টুপি শিল্প কারখানাগুলো প্রায় বন্ধ হওয়ার উপক্রম। এ অবস্থায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতি এলাকায় অবস্থিত ড্রীম টাচ ফ্যাশন ও ফ্রেক্সটোন শিল্প প্রতিষ্ঠান ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। আবেদনে প্রতিদিন ৫০ থেকে ৬০ লিটার ডিজেল সরবরাহের অনুমতি চাওয়া হয়।
পরে গত ২১ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট কারখানা মালিকরা মেসার্স সুলতান ফিলিং স্টেশনে আবেদনপত্র প্রদর্শন করেন। তবে অভিযোগ ওঠে, পাম্প কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব না দিয়ে অন্যান্য গ্রাহকদের নিকট তেল সরবরাহ অব্যাহত রাখে।
এ ঘটনাকে কেন্দ্র করে ধুনট উপজেলা প্রেসক্লাবের ফেসবুক পেইজে “ধুনটে সুলতান ফিলিং স্টেশনে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত অনুমোদনপত্র দেখিয়েও মেলেনি ডিজেল শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ২৫ এপ্রিল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় উক্ত দুইটি টুপি কারখানায় যথাক্রমে ৫০ ও ৬০ লিটার ডিজেল সরবরাহ করা হয়। ফলে কারখানাগুলোর জেনারেটর চালু করে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে। ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্য সোহেল রানা সরেজমিনে গিয়ে জানান, সকাল থেকেই ডিজেল সংগ্রহে কৃষকদের দীর্ঘ লাইন দেখা গেছে। বর্তমানে পাম্প কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে তেল সরবরাহ করছে।