ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে গাজীপুরে জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট। ভোটগ্রহণ চলাকালে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, হঠাৎ অসুস্থতা বা দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং প্রয়োজন অনুযায়ী নিকটস্থ হাসপাতালে পাঠানোর জন্য মাঠে সক্রিয় থাকবে রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গাজীপুর জেলা শাখার সেক্রেটারি আশরাফ হোসেন টুলু জানান, নির্বাচন ও গণভোট উপলক্ষে ইউনিটের স্বেচ্ছাসেবকদের বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ও জনসমাগমপূর্ণ এলাকায় মেডিকেল ফার্স্ট এইড টিম মোতায়েন থাকবে।
তিনি বলেন, 'ভোটকেন্দ্রে কোনো ভোটার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিংবা প্রার্থী অসুস্থ হয়ে পড়লে বা দুর্ঘটনায় আহত হলে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা দেব এবং প্রয়োজন হলে হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করব। আমাদের লক্ষ্য হচ্ছে মানবিক সহায়তার মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করা।'
রেড ক্রিসেন্ট গাজীপুর ইউনিটের নির্বাহী কমিটির সদস্য হাসান জুন্নুরাইন সোহেল বলেন, 'নির্বাচনের সময় ভিড় ও উত্তেজনার মধ্যে হঠাৎ অসুস্থতা বা আঘাতের ঝুঁকি থাকে। সে কারণে আমাদের ইউনিটের সব সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। অ্যাম্বুলেন্স সার্ভিস ও স্থানীয় হাসপাতালের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হবে। মানবিক দায়িত্ববোধ থেকে আমরা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সবার পাশে থাকতে চাই।'
রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম, প্রাথমিক চিকিৎসা কিট ও যোগাযোগ ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নির্বাচন ও গণভোটকে ঘিরে গাজীপুরে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তার এই প্রস্তুতিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেছেন, রেড ক্রিসেন্টের এই উদ্যোগ ভোটার ও দায়িত্বপ্রাপ্ত সবার জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।